স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেতা আসলাম চৌধুরী বেগম খালেদা জিয়ার নির্দেশেই ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে হাত মিলিয়েছিলেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ তাঁতিলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, আসলাম চৌধুরী কোনভাবেই নিজের ইচ্ছা ও সিদ্ধান্তে এই ধরনের অপশক্তির সাথে হাত মেলাতে পারে না। বৈঠক করতে পারে না। যদি তার নেতা বা নেত্রী তাকে নির্দেশ না দেয়। এ কারণে তিনি তার পুরষ্কারও পেয়েছেন। তিনি স্থানীয় নেতা থেকে আজকে দলের জাতীয় নেতা যুগ্ম সম্পাদক হয়েছেন।
তিনি বলেন, এতেই প্রমাণ হয়ে গেছে, আসলাম চৌধুরী তার নেতা বা নেত্রীর নির্দেশে এই কাজটি করেছেন। কিন্তু তাদেরকে মনে রাখতে হবে ধর্মের কল বাতাসে নড়ে। তারা ধর্মের কথা বলে রাজনীতি করে। সেই দলের নেত্রী খালেদা জিয়া এই ধরনের অপশক্তির সাথে হাত মিলিয়েছে।
