স্ত্রী হত্যার দায়ে স্বামী মাসুদ আলমকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ এই রায় দেন।
ফারজানা আক্তার মিতুকে (২২) হত্যার ঘটনায় ২০০৬ সালের ২৫ মে শ্যামপুর থানায় মামলা দায়ের করে তার পিতা আজাহার আলী ঢালী।
মামলায় মাসুদসহ ৫জনকে আসামি করা হয়। পরে আদালতে মাসুদের বিরুদ্ধে অভযোগপত্র দাখিল করে পুলিশ। বাকি চারজনকে অব্যাহতি দেয়া হয়। এই মামলায় ২০১১ সালের ৩ মে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মাসুদকে মৃত্যুদণ্ড প্রদান করে। তবে বিচারের শুরু থেকে পলাতক রয়েছেন মাসুদ।
নিম্ন আদালতের ফাঁসির রায় অনুমোদনের জন্য তা ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। গতকাল হাইকোর্টে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট মাসুদকে মৃতুদ-ের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
