ডিপিএলে ৮ রানে জিতলো মাশরাফির কলাবাগান

আপডেট : ২৬ মে ২০১৬, ১৮:৫৭
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের খেলায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৮ রানে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার কলাবাগান ক্রীড়াচক্র। বৃহস্পতিবার টস জিতে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ৪৯ ওভারে ২১৩ রান সংগ্রহ করে কলাবাগান। জবাবে ব্যাট করতে নেমে  ২০৫ রানে থামে ভিক্টোরিয়ার ইনিংস।
 
কলাবাগানের পক্ষে একাই সর্বোচ্চ ৮৬ রানে অপরাজিত থাকেন মেহরাব হোসেন জুনিয়র। এছাড়া ওপেনার জসিমউদ্দীন দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন।
 
ভিক্টোরিয়ার পক্ষে তিনটি উইকেট নেন মাহবুব আলম। দুটি করে উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি, ডি সিলভা ও আল আমিন-২। আর একটি নেন সোহরাওয়ার্দী শুভ।
 
জবাবে খেলতে নেমে শুরু থেকেই কলাবাগানের বোলিং তোপে থিতু হয়ে খেলতে পারেনি ভিক্টোরিয়ার ব্যাটসম্যানরা। শুধু ব্যতিক্রম ছিলেন আল আমিন-২। সর্বোচ্চ ৬৭ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া ৩৫ রানে অপরাজিত ছিলেন জোবায়ের আহমেদ। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৫ রান তুলতে পারে ভিক্টোরিয়া।
 
কলাবাগানের পক্ষে একাই তিন উইকেট নেন শরিফউল্লাহ।দুটি করে নেন আব্দুর রাজ্জাক ও মাশরাফি বিন মুর্তজা। একটি করে নেন দেওয়ান সাব্বির ও শাহবাজ চৌহান।