প্রিমিয়ার হকিতে মোহামেডানের জয়রথ চলছেই

আপডেট : ২৬ মে ২০১৬, ১৯:৩২
প্রিমিয়ার ডিভিশন হকি লিগে মোহামেডানের জয়রথ চলছেই। বৃহস্পতিবার মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে সাধারণ বীমাকে ৮-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে টানা চতুর্থ জয় পেয়েছে সাদাকালোরা।
 
আগের তিন লিগ ম্যাচে অ্যাজাক্স এসসি, আজাদ এসসি ও সোনালী ব্যাংককে হারিয়েছিল ঐতিহ্যবাহী দলটি।
 
একপেশে ম্যাচে প্রথমার্ধেই তিন গোল করে মোহামেডান।  দ্বিতীয়ার্ধে সাধারণ বীমার রক্ষণে চাপ ধরে রেখে আরও পাঁচ গোল তুলে নেয় তারা। দলের জয়ে ওমর ভুট্টা তিনটি গোল করেন।  রিজওয়ান, আব্বাস, রাসেল মাহমুদ জিমি, সালমান ও মোহাম্মদ ইরফান জয়ী দলের বাকি পাঁচ গোলদাতা।
 
এর আগে দিনের প্রথম খেলায় আজাদ এসসিকে ৩-০ গোলে হারায় ওয়ারী। অষ্টম মিনিটে শিহাবের করা গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।  দ্বিতীয়ার্ধে মনসুর ব্যবধান দ্বিগুণ করার পর শিহাব স্কোরলাইন ৩-০ করে দেন।
 
চলতি লিগে দুই হার ও এক ড্রয়ের পর প্রথম জয় পেল ওয়ারী। অন্যদিকে চার ম্যাচে তৃতীয় হারের স্বাদ পেল আজাদ এসসি।