প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরো দুজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করেন। এ নিয়ে আলোচিত এ মামলায় ২০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো।
সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, আদালতে হবিগঞ্জের খুরশেদ আলী ও সেলিম হোসেনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এ সময় আদালতে গ্রেপ্তারকৃত ১৪ আসামির মধ্যে ১৩ জনকে হাজির করা হয়। তবে অসুস্থতার কারণে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে আইনজীবী হাজিরা দিয়েছেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ ও ২ জুন নির্ধারণ করা হয়েছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।
