শিশুর প্রতিভা বিকাশে এগিয়ে আসুন

ইত্তেফাক আনন্দসভা কুইক ট্যালেন্ট ওয়ার্কের প্রথম জাতীয় সম্মেলনে বক্তারা

আপডেট : ২৭ মে ২০১৬, ০১:১৫
ব্যাপক আনন্দ উত্সাহের মধ্যে উদযাপিত হলো ইত্তেফাক আনন্দসভা কুইক ট্যালেন্ট ওয়ার্কের  প্রথম জাতীয় সম্মেলন। উদ্বোধনকালে শিশুদের পড়াশোনার সাথে সাথে নানাবিধ প্রতিভা বিকাশের জন্য সকলের এগিয়ে আসার আহ্বান জানান বিজ্ঞজন। তারা বলেন, এই বিষয়ে সহযোগিতা করে এগিয়ে আসার মানসিকতা আমাদের সকলের বৃদ্ধি করতে হবে।
 
গতকাল বৃহস্পতিবার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন কবি ও সংরক্ষিত নারী আসনের এমপি কাজী রোজী। এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুল ইসলাম, ইফাদ গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক সালাম নাসের, ফাতেমা ফাউন্ডেশনের তাপস কর্মকার ও ইত্তেফাকের অনুশীলন পাতার চন্দন বর্মন ও আখতারুজ্জামান। দৈনিক ইত্তেফাক ও ফাতেমা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গত এক বছর ইত্তেফাক আনন্দসভা কুইক ট্যালেন্ট ওয়ার্ক প্রতিযোগিতা পরিচালিত হয়।
 
 সারাদেশ থেকে এ সময় ৮০টি স্কুল-কলেজের এক হাজার ৪শ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় দুটি বিভাগে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে মোট ৩৫ জনের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। গল্প লেখায় ১৭ জন ও গুছিয়ে রাখা বিভাগে ১৮ জন পুরস্কার পান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় এ সম্মেলন। পরে থিম সং ‘চল এগিয়ে যাই’এর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
 
কবি কাজী রোজী বলেন, বিদ্যালয় মানুষকে সমৃদ্ধ করে। আমাদের তরুণ-কিশোর সমাজ সমৃদ্ধ হয়ে আমরা সকলে মিলে বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়বো।
 
আশিস সৈকত বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি দৈনিক ইত্তেফাক বরাবরই সামাজিক দায়িত্ববোধ থেকে এমন আয়োজন করে থাকে। শিক্ষার্থীদের নিয়ে এমন একটি সম্মেলন করতে পেরে আমরা আনন্দিত। সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরিবেশনা করে সকলের দৃষ্টি আকর্ষণ করে সায়াম।

 
উল্লেখ্য সম্মেলনের টাইটেল স্পন্সর করে ইফাদ গ্রুপ। এ ছাড়া মেডিক্যাল পার্টনার ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এসএমএস পার্টনার উইনটেল লিঃ, হোটেল পার্টনার হোটেল রিজেন্সী ইন্টারন্যাশনাল, আর্ট ও ড্রয়িং পার্টনার ফেবার ক্যাসল, আইটি পার্টনার আমরা কোঃ লিঃ।