গাড়িশুদ্ধ অর্ধেক রাস্তা গায়েব!

আপডেট : ২৭ মে ২০১৬, ১০:৫৫
 
সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে বিশাল রাস্তার একপাশ ঘেঁষে। হঠাৎ দেখা গেল ঠিক রাস্তার মাঝখান বরাবর তৈরী হয়ে গেছে একটি ফাঁটল। সবাই যখন অবাক হয়ে এই দৃশ্য দেখছে তখনই দেখা গেল বিস্ময়কর এক দৃশ্য। রাস্তা বরাবর যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত আকস্মিকভাবে নিচু হয়ে গেল। রাস্তার উপর থাকা গাড়িগুলোও ডুব মারল সেই সাথে।
 
ঘটনাটি ঘটেছে ইতালির ফ্লোরেন্স শহরে। সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়েছে। ঘটনার পরপরই গোটা এলাকায় আতঙ্কে ছোটাছুটি শুরু হয়। পার্ক করা গাড়িগুলোতে ড্রাইভার কিংবা যাত্রী  ছিলেন কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি।
 
জানা গেছে, ২০০ মিটারের বেশি রাস্তা এভাবে মাটির নিচে চলে গেছে। স্থানীয় মেয়র ড্যারিও নারদেলা জানান, ওই রাস্তার নিচ দিয়ে পানির লাইন চলে গেছে। সেই লাইন হঠাত্ করে ধসে পড়ায় উপরের রাস্তা ভেঙে সেই পানির লাইনের ভেতরে চলে যায়। তবে উদ্ধারকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌছে গাড়িগুলো উদ্ধারের কাজে নেমে যায়।
-রয়টার্স