'বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতার করার চিন্তা ভাবনা সরকারের নেই।' সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার গাজীপুরে বিআরটিসির বাস ডিপো পরিদর্শনের সময় এ কথা জানান।
এ সময় মন্ত্রী বলেন, 'বিএনপির নেতারা বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন যে, সরকার খালেদা জিয়াকে গ্রেফতারের চক্রান্ত করছে বা গ্রেফতার করতে যাচ্ছে। আমি সরকারের মন্ত্রী হিসেবে যতটুকু বলতে পারি সরকার বেগম খালেদা জিয়াকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য গ্রেফতার করার চিন্তা করছে না।'
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সওজের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডি.এ.কে.এম নাহীন রেজা, উপ বিভাগীয় প্রকৌশলী আবুল খায়ের মো. সাদ্দাম হোসেন ও ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাখাওয়াৎ হোসেন প্রমুখ।
পরিবহন ব্যবস্থার কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, 'আমাদের দেশে পরিবহন এবং রাস্তায় বিশৃঙ্খলা রয়েছে। এগুলো রাতারাতি দূর করা যাবে না। মূলত ইঞ্জিনিয়ারিং সমস্যার চেয়ে মন মানসিকতার পরিবর্তন করা দরকার। এজন্য আরো ক্যাম্পেইন করতে হবে, আরো সচেতনতামূলক এজেন্ডা হাতে নিতে হবে এবং এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।'
