স্বপ্ন পূরণের খুব কাছে দাঁড়িয়ে স্প্যানিশ তারকা ফার্নান্দো তোরেস। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্বপ্ন পূরণ করতে চান আতলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকার।
শুক্রবারের সংবাদ সম্মেলনে তোরেস বলেন, `স্বপ্নটাকে সত্যি করার সুযোগ আমি পেয়েছি। আমি অনেক ভালো দলের হয়ে খেলেছি; কিন্তু এটা বিশেষ, এটা এমন কিছু যা আমি ছোটবেলায় চেয়েছি।`
তিনি আরো বলেন, `কোনো সন্দেহ নেই যে, আগামীতে আমি যত ম্যাচ খেলব তার মধ্যে এটাই সেরা। এই ক্লাবে খেলে আমি খুব খুশি। চেলসির হয়ে এবং স্পেন জাতীয় দলের হয়ে আমার জেতার সুযোগ হয়েছিল। কিন্তু এটা আমার কাছে বিশেষ কিছু।’
শনিবার মিলানের সান সিরোয় বাংলাদেশ সময় রাত পৌনে একটায় ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি হবে মাদ্রিদের দুটি ক্লাব।
২০১৩-১৪ মৌসুমে অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে ৪-১ গোলে হেরে একবার স্বপ্ন ভঙ্গ হয়েছিল অ্যাটলেতিকোর। লিসবনের সেই ফাইনালে অবশ্য ছিলেন না তরেস। তখন চেলসিতে ছিলেন স্পেনের এই তারকা, ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতার অভিজ্ঞতাও আছে তার।
