রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, 'সুস্থ জাতি গড়তে গর্ভবতী মা ও নবজাতকের পরিচর্যা খুবই জরুরি।' তিনি বলেন, 'প্রত্যেক মা ও নবজাতকের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও নিষ্ঠার কোন বিকল্প নেই।'
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, 'সকল পর্যায়ে সমন্বিত ও অর্থবহ উদ্যোগের ফলে বাংলাদেশ গর্ভকালীন মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুর হার হ্রাসে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে।'
নিরাপদ মাতৃত্ব দিবস-২০১৬ উপলক্ষে প্রদত্ত শুক্রবার এক বাণীতে তিনি এসব বলেন।
প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ গুরুত্বের সাথে দেশে 'নিরাপদ মাতৃত্ব দিবস-২০১৬' পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে আবদুল হামিদ বলেন, এ দিবসটি পালনের মাধ্যমে মাতৃস্বাস্থ্য সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে।
রাষ্ট্রপতি বলেন, 'স্বাস্থ্যখাতে বর্তমান সরকারের যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়নের ফলে বাংলাদেশে মাতৃমৃত্যু, নবজাতক ও শিশুমৃত্যু হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, যা বিশ্ববাসীর জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।'
বাংলাদেশের এ অগ্রগতি জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও প্রশংসিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ জাতিসংঘ পুরস্কার লাভ করেছে। মা ও শিশুস্বাস্থ্যে অসামান্য অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল হেলথ ফর ডেভেলপমেন্ট শীর্ষক 'সাউথ-সাউথ' পুরস্কার অর্জন করে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।"
রাষ্ট্রপতি বলেন, নিরাপদ মাতৃত্ব দিবস-২০১৬ এর প্রতিপাদ্য 'সকল প্রসূতির জন্য মানসম্মত সেবা আমাদের অঙ্গীকার' যা মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যু হার হ্রাসে খুবই গুরুত্বপূর্ণ।
