ইনজুরির কারণে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে খেলতে পারেননি টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তবে তাকে ছাড়াই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ।
রবিবার ফাইনালে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মুস্তাফিজ খেলবেন কিনা তা নিয়ে বেশ চিন্তিত মুস্তাফিজ ভক্তরা। তবে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলাম জানালেন, ফাইনালে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী মুস্তাফিজ।
তিনি বলেন, ' মুস্তাফিজের সঙ্গে কথা হয়েছে। সে জানালো ব্যথা নেই, ভালোই আছে। রাতে খুব ভালো সময় কেটেছে, সবার সঙ্গে মজা করেছে। সকালে ফিজিও দেখে জানিয়েছেন তেমন কোনও সমস্যা নয়। তবে আমি যেহেতু কাছে নেই এই মুহূর্তে আমার পক্ষে সব বলা সম্ভব নয়। তবে মুস্তাফিজের সঙ্গে কথা বলে মনে হলো, কালকে খেলার ব্যাপারে ওর আত্মবিশ্বাস রয়েছে।'
তিনি আরও বলেন, 'এমন ইনজুরি সাধারণত খুব বেশি ভোগায় না ক্রিকেটারদের। মুস্তাফিজকে ইতিবাচকই মনে হয়েছে। এই ইনজুরিটা আগের নয়, এটা নতুন সমস্যা। মনে হয় খুব বেশি চিন্তার কিছু নেই।'
এদিকে দ্বিতীয় কোয়ালিফায়ার শুরু হওয়ার আগে হায়দ্রাবাদের অধিনায়ক ওয়ার্নারও বলেছিলেন যে মুস্তাফিজ হ্যামস্ট্রিংযের ইনজুরিতে পড়েছেন তবে সেটা খুব গুরুতর নয়। তাই মুস্তাফিজ ফাইনালে খেলতে পারে বলেই মনে করছে ক্রিকেটপ্রেমীরা।
