ইউরোপ সেরার শিরোপা লড়াইয়ে মাঠে নামছে দুই মাদ্রিদ

আপডেট : ২৮ মে ২০১৬, ১৭:৪০
এক দলের সামনে প্রতিশোধ নেওয়ার হাতছানি! আরেক দল চায় ইতিহাসের পুনরাবৃত্তি।  এমন সমীকরণ সামনে রেখেই শনিবার রাতে মিলানে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।
 
ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার সবচেয়ে বড় ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দল দুটি।
 
শনিবারের ফাইনালে রিয়াল খাতায়-কলমে বেশি শক্তিশালী হতে পারে কিন্তু এবার এখন পর্যন্ত রোনালদোরা চ্যাম্পিয়ন্স লিগে হারিয়েছেন রোমা, উলফসবার্গ, ম্যানচেস্টার সিটির মতো দলকে। অ্যাটলেটিকো সেখানে ফাইনালে উঠেছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখকে হারিয়ে।
 
এছাড়া সান সিরোতো এখন পর্যন্ত জিততে পারেনি রিয়াল।
 
তবে জিনেদিন জিদান ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ এনে দিয়েছিলেন রিয়ালকে।  এবার পালা কোচ হিসেবে সফল হওয়ার। কোচ জিদানের গলায় অবশ্য প্রতিপক্ষ সম্পর্কে সমীহ। তার মতে, 'আটলেটিকো খুবই ভাল দল। কঠিন লড়াই জিতে ফাইনালে উঠেছে।'
 
পরিসংখ্যানে অবশ্য অ্যাটলেটিকোই এগিয়ে।  ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের আসরের ফাইনালে হারের পর এখন পর্যন্ত ১০ বার রিয়ালের মুখোমুখি হয়েছে সিমিওনের শিষ্যরা।  তার মধ্যে একবারই হারের মুখ দেখা অ্যাটলেটিকো পাঁচ ম্যাচে জয়োল্লাসে মাতে।