গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি, এখনও করি’। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, শ্রমিক ও গরীব মানুষের অধিকার রক্ষায় বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। অধিকার আদায়ের জন্য পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ করে নিজেদের সংগঠিত হওয়ার পরামর্শ দেন তিনি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশন আয়োজিত ‘শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন।
ড. কামাল বলেন, কালো টাকা ইবলিসের অস্ত্র। এ টাকা দিয়ে মানুষ মারা হচ্ছে, গ্রেনেড মারা হচ্ছে, মানুষকে আগুন ধরিয়ে পোড়ানো হচ্ছে। এ টাকা ভুড়িওয়ালারা বিদেশে জমাচ্ছেন, বাড়িও বানাচ্ছেন।
তিনি বলেন, শ্রমিকরা অন্যায়ের বিরুদ্ধে কখনও আত্মসমর্পণ করেননি। স্বাধীন দেশে শ্রমিকরা ন্যূনতম মজুরি পাবেন না, তা হতে পারে না। পাঁচচল্লিশ বছর পর তাহলে কী আবার যুদ্ধ করতে হবে, রক্ত দিতে হবে? অন্যায়ের প্রতিবাদ করার শক্তি শ্রমিকদের আছে। যদি শ্রমিকদের আত্মসমর্পণ করতে হয়, তাহলে বাংলাদেশের ইতিহাস মিথ্যা হয়ে যাবে।
গণফোরাম সভাপতি বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি ছাড়াও রেশনিং, আবাসন, স্বাস্থ্য, শ্রমিকদের সন্তানদের শিক্ষা ও আবাসনের ন্যায়সঙ্গত দাবি এবং শ্রমিকদের সঙ্গে সরকারের প্রতারণার চিত্র তুলে ধরে পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ করা হবে। এই কাজে নিজেও থাকবেন বলে উল্লেখ করেন তিনি।
বৈঠকে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন আ্য্যডভোকেট মাহবুবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এম আকাশ এবং বিভিন্ন শ্রমিক জোট ও সংগঠনের নেতারা।
