জাপানি নারীকে অপহরণের পর হত্যার অভিযোগে সাবেক এক মেরিন সেনাসদস্যকে গ্রেফতারের পর জাপানের ওকিনাওয়া দ্বীপের মার্কিন ঘাঁটিতে কারফিউ জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মদ্যপানের ওপরেও।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ওকিনাওয়ার লোকজন যখন শোকে আচ্ছন্ন তখন তারা কোনো ধরনের উত্সব বা পার্টি করতে পারেন না। আগামী ২৪ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে।
দ্বীপের ২০ বছর বয়সী ওই জাপানি নারী গত এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। পরে পুলিশ স্থানীয় একটি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় সাবেক মেরিন সেনা কেনেথ ফ্রাঙ্কলিন শিনজাতোকে গ্রেফতার করলেও তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো চার্জ গঠন করেনি। ধারণা করা হয়, মহিলাটিকে হত্যার পর কেনেথ তার লাশ লুকিয়ে রাখে। এই ঘটনার পর সেখানে উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা মার্কিন ঘাঁটি সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জি-৭ সম্মেলনের প্রাক্কালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। শুক্রবার জাপানের মেরিন গ্রুপ কমাণ্ডার লে. জে. লরেন্স নিকলসন এক সংবাদ সম্মেলনে বলেন, আমি মনে করি আমরা এখন ওকিনাওয়া সম্প্রদায়ের একটি অংশ এবং যা ঘটেছে তার জন্য আমরা অত্যন্ত মর্মাহত ও শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। সূত্র: বিবিসি
