ফিরেই হতাশ করলেন ক্লার্ক

আপডেট : ২৮ মে ২০১৬, ১৮:৫৮
অনেকদিন পর ব্যাট হাতে নিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তবে প্রত্যাবর্তনটা খুব সুখকর হলো না তার। হংকংয়ের টি-টোয়েন্টি লিগে মাত্র ৬ রান করেই বোল্ড আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
 
৩৫ বছর বয়সী বিশ্বকাপ জয়ী এ তারকা ব্যাট করতে নেমে সাত বল মোকাবেলা করে একটি বাউন্ডারি হাঁকান। তবে মাত্র ছয় রানে মিডিয়াম পেসার জাংজেব খানের বলে আউট হয়ে মাঠ ছাড়েন ক্লার্ক।
 
ম্যাচে ক্লার্কের দল নির্ধারিত ২০ ওভারে ১৬২ রান করতে সম্মত হয়। প্রতিপক্ষ দল হাঙ হোমের বিপক্ষে জয় প্রায় এসেই পড়েছিলো। তবে শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়।
 
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ক্লার্ক। পরে চলতি বছর হংকং লিগের দল কোলন ক্যান্টনসে নাম লেখান তিনি।