হায়দরাবাদে নাইজেরীয় ছাত্রের ওপর 'বর্ণবাদী' হামলা

আপডেট : ২৮ মে ২০১৬, ২০:০৭
ভারতের হায়দরাবাদে নাইজেরীয় ছাত্রের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার ঝগড়ার এক পর্যায়ে নাইজেরিয়ার নাগরিক বামিলোলা কাজিমের ওপর হামলা চালিয়েছিল মোহাম্মদ গফুর নামে স্থানীয় এক বাসিন্দা। শহরের অপর নাইজেরীয় ছাত্রদের দাবি, বর্ণবাদী কারণে হামলার শিকার হতে হয়েছে কাজিমকে।
 
গত সপ্তাহে তর্ক-বিতর্কের এক পর্যায়ে কঙ্গোর এক ছাত্রকে দিল্লিতে হত্যা করে কয়েকজন ভারতীয়। এ ঘটনায় তখন দুইজনকে গ্রেপ্তার করা হয়।
 
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরুপ ট্যুইটারে লিখেন, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বুধবারের ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত রিপোর্ট চেয়েছেন। তিনি বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
 
পুলিশ বলেছে, কাজিম গফুরের বাসার সামনে গাড়ি পার্ক করেছিলেন। এ নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে গফুর রড নিয়ে হামলা করে। হায়দরাবাদের পুলিশ কর্মকর্তা কে কৃষ্ণাইয়া বলেন, আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। বিষয়টি এখন আদালত দেখছে।
 
নাইজেরিয়ান স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের এক সদস্য বলেন, এটি একটি বর্ণবাদী ইস্যু। কাজিম যদি মার্কিন কিংবা ভারতীয় নাগরিক হতেন তাহলে হামলার শিকার হতেন না। আমরা চাই না বিষয়টি অন্য আফ্রিকানদের প্রভাবিত করুক। হায়দরাবাদে প্রায় ৪ হাজার আফ্রিকান ছাত্র থাকেন। গত ফেব্রুয়ারিতে বেঙ্গালোরে তাঞ্জানিয়ার এক ছাত্রকে পিটিয়ে আহত করেছিল উত্তেজিত জনতা। বিবিসি