'সংবিধান ও প্রচলিত আইন লঙ্ঘনের অপরাধে' সেলিম ওসমানের সংসদ সদস্য পদ বাতিল ও অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
শনিবার এক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা নারায়ণগঞ্জের পিয়ার লতিফ সাত্তার স্কুলের প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে অন্যায়ভাবে নিগ্রহ এবং ওই ঘটনাকে সাম্প্রদায়িক কার্ড খেলে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ওয়ার্কার্স পার্টির নেতৃদ্বয় বলেন, সংবিধান অনুসারে সকল ধর্মবিশ্বাসের চর্চার অধিকার আছে এবং সেই অধিকারের উপর কারো অযাচিত হস্তক্ষেপ কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। কেবলমাত্র প্রধান শিক্ষকের পদ দখলের মতো নোংরা কাজের উদ্দেশ্যে সেলিম ওসমান পরিকল্পিতভাবে সম্মানিত শিক্ষকে লাঞ্চিত করেছেন।
তারা বলেন, নারায়ণগঞ্জেই শুধু নয়, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে নাস্তিকতা কিংবা ধর্ম অবমাননার অজুহাত তুলে কিছুসংখ্যক দুষ্কৃতিকারী সামাজিক অসন্তোষ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আগে এই জাতীয় উগ্রতা চলতো সাম্প্রদায়িকতার নামে, এখন সেটাকে নাস্তিকতার রূপ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের সাংসদ সেলিম ওসমান সেই অপকর্মটিই সুপরিকল্পিতভাবে করেছেন এবং করে চলেছেন। -বাসস
