যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো নগরীতে শুক্রবার রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ নগরীর সম্মেলন কেন্দ্রের বাইরে জনসমাগমকে বে-আইনি ঘোষণা করেছে এবং ৩৫ জনকে আটক করেছে। এ সময় পাথর ও পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর এএফপির।
আগামী ৭ জুন ক্যালিফোর্নিয়া প্রাইমারির আগে ট্রাম্প একটি সমাবেশ করতে মেক্সিকো সীমান্তের কাছে এ নগরীতে যান। তিনি অবৈধ অভিবাসীদের বের করে দিতে সীমানা দেয়াল নির্মাণেরও অঙ্গীকার করেন। ট্রাম্পের সমাবেশের পর সম্মেলন কেন্দ্র খালি হয়ে যায়। এরপর সম্মেলন কেন্দ্রের বাইরে সংঘর্ষ বাধে। ট্রাম্পের সমর্থক ও বিরোধীরা বিভিন্ন সড়কে মুখোমুখি হয় এবং একে অপরকে ঠাট্টা-বিদ্রূপ করে। তাদেরকে ছত্রভঙ্গ করতে অনেক পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করা হয়। বেশ কয়েকজন বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পানির বোতল ছোঁড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার নির্দেশ পাওয়ার পর পুলিশ নগরীর গ্যাসল্যাম্প কোয়ার্টার থেকে তাদেরকে সরিয়ে দেয়। সান ডিয়েগোর মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ ল্যাটিনো এবং প্রতিদিন মেক্সিকো সীমান্ত দিয়ে হাজার হাজার মানুষ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকছে।
অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করতে ট্রাম্প মেক্সিকো সীমান্তজুড়ে দেয়াল তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। সান ডিয়েগো পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে কোনো হতাহতের বা সম্পদ ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা। ট্রাম্পের রিপাবলিকান দলীয় প্রতিদ্বন্দ্বিরা মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ানোর পর দলটির প্রার্থী হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প। ইতোমধ্যে মনোনয়ন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ডেলিগেট সমর্থনও জয় করেছেন তিনি। তবে এটি আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি।
