নেত্রকোনার পূর্বধলায় শনিবার ইউপি নির্বাচন চলাকালীন সময়ে কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের অপরাধে আব্দুল্লাহ আলী (২৪) নামের এক নৌকার এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ আলী উপজেলার বিশকাকুনি ইউনিয়নের কাচিয়াকান্দা গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
জানা গেছে, উপজেলার বিশকাকুনি ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী আমজাদ হোসেনের এজেন্ট আব্দুল্লাহ আলী শনিবার বিকেলে উপজেলার বালুচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্র্যাট আশরাফ আলী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
