দিল্লীতে ধূমপান করলেই ২০০ রুপি জরিমানা

আপডেট : ২৯ মে ২০১৬, ১৪:০০
আইনত নিষিদ্ধ ছিলো অনেক আগে থেকেই। কিন্তু মানার কোনও বালাই ছিল না। প্রকাশ্যে ধূমপায়ীদের দেখা মিলতো যেখানেসেখানে। তাই এবারে আরও কঠোর হতে চলেছে দিল্লি সরকার। ভারতের রাজধানীতে প্রকাশ্যে ধূমপান করলেই ২০০ রুপি জরিমানা হবে ধূমপায়ীদের।
 
ভারতের সিগারেট এবং অন্যান্য মাদকজাত পণ্য আইন-২০১৩ অনুসারে অনেক আগে থেকেই প্রকাশ্য স্থানে ধূমপান নিষিদ্ধ। এতদিন জানতেন সবাই, কিন্তু মানতেন না কেউই। তবে এবারে যারা এই আইন ভঙ্গ করবেন, তাদের ২০০ রুপি জরিমানা দিতেই হবে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইনশৃঙ্খলা) পি কামরাজ।
 
তিনি বলেন, 'ধূমপানের ফলে শুধু ধূমপায়ীর ব্যক্তিগত ক্ষতি হয় না; ক্ষতি হয় আরও বহু মানুষের। তাই ধূমপান ঠেকাতে এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
 
ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে দিল্লি পুলিশ দু’টি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে ধূমপান ঠেকাতে এই উদ্যোগ গ্রহণ করেছে।