ভূমিকম্পে উদ্ধার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি সংগ্রহ

ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি পাননি ৩ কর্মকর্তা

আপডেট : ২৯ মে ২০১৬, ১৪:৩৪
 
ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি সংগ্রহে আদালতের নির্দেশনা পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা সচিব শাহ কামাল, ফায়ার সার্ভিসের ডিজি বিগ্রেডিয়ার জেনারেল আলি আহমেদ খান ও পরিচালক অপারেশন শাকিল নেওয়াজকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি দেয়নি হাইকোর্ট। রবিবার সকালে আদালতে হাজির হয়ে আদালতের নির্দেশ বাস্তবায়নের বিষয়ে ব্যাখ্যা দেন। একই সঙ্গে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি চেয়ে আবেদন করেন।
 
রবিবার সৈয়দ মোহম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ এক শাহিদুল হকের ডিভিশন বেঞ্চ তাদের আবেদর খারিজ করে দেয়। একই সঙ্গে আগামী রবিবার আদালতের হাজির হয়ে হাইকোর্টের নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।
 
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৯ জুলাই হাইকোর্ট ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজে ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহে সরকারকে নির্দেশ দেয়। কিন্তু নির্দেশ পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় সরকারের ঐ তিন কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ দেয় হাইকোর্ট। তারা আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেন।
 
আদালতের নির্দেশনায় বলা হয়, ভূমিকম্প পরবর্তী উদ্ধারের জন্য যন্ত্রপাতির তালিকা তৈরি করে তা সংগ্রহ করতে হবে। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে বলা হয় নির্দেশনায়।
 
আদালতের রিটকারী সংগঠনের পক্ষে অ্যাডভোকেট মনিজল মোরশেদ ও সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার শুনানি করেন।