রায়পুরে তিনমাস ধরে মিল্কভিটার দুধ সংগ্রহ বন্ধ

আপডেট : ২৯ মে ২০১৬, ১৪:২৭
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মিতালী বাজারের ভিল্কভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র প্রায় তিন মাসের বেশি সময় ধরে দুধ সংগ্রহ বন্ধ রেখেছে। গত ৩ মার্চ মিল্কভিটা কর্তৃপক্ষ হঠাৎ ভেজালের অভিযোগ তুলে সমবায়ীদের কাছ থেকে দুধ নেয়া বন্ধ করে দেয়। এতে কেন্দ্রে দুধ সরবরাহ করতে না পারায় সহস্রাধিক সমবায়ী তাদের উৎপাদিত দুধ নিয়ে চরম বেকায়দায় পড়েছে।
 
মিল্ক ভিটার রায়পুর অফিস সূত্রে জানা গেছে, মিতালী বাজারে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে দৈনিক সাড়ে তিন থেকে চার হাজার লিটার দুধ আসে।
 
আজ রবিবার দুপুরে দক্ষিণ গণ্ডামারা সমিতির সভাপতি মো. সোহাগ ও খামারি মো. মফিজসহ কয়েকজন দুধে ভেজাল দেয়ার অভিযোগ অস্বীকার করে জানান, মিল্ক ভিটা কর্তৃপক্ষ কোন নোটিশ না দিয়ে হঠাৎ দুধ নেয়া বন্ধ করে দেয়। গত তিন মাস ধরে সমবায়ীদের অনেক উৎপাদিত দুধ নষ্ট হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষের খামখেয়ালির কারণে সমবায়ীদের বিপুল পরিমাণ অর্থ লোকসানে পড়ছে। শীতলীকরণ কেন্দ্রটি বন্ধ করে দিতে একটি চক্র বিভিন্ন ভাবে রাজনীতি করছে। এ কারণে দুধে ভেজাল দেয়ার মিথ্যা অভিযোগ তুলে কেন্দ্রটি বন্ধ করার পাঁয়তারা চলছে।
  
মিল্ক ভিটার রায়পুর শীতলীকরণ কেন্দ্রের ব্যবস্থাপক আক্তার হোসেন বলেন, শীতলীকরণ কেন্দ্রে সংগ্রহ করা দুধে ভেজাল থাকায় কর্তৃপক্ষ দুধ সংগ্রহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ পেলে আবার দুধ সংগ্রহ শুরু করা হবে। এতে খামারিরা বিপাকে পড়লেও আমাদের কিছুই করার নেই।