গ্রীষ্মকালীন ঝড়ে ইউরোপজুড়ে বজ্রপাতে বহু মানুষ আহত হয়েছে। বজ্রপাতে পোল্যান্ডে একজন মারা গেছে।
প্যারিসে একটি জন্মদিনের অনুষ্ঠানে বজ্রপাতের ফলে আহত হয়েছে ১১ জন, যাদের ৮ জনই শিশু। আহত ৮ শিশুর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জার্মানিতেও একটি ফুটবল ম্যাচে বজ্রপাতে ৩৫ জন আহত হয়েছে যার মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে তিনজন। ফুটবল ম্যাচের রেফারির দায়িত্ব পালন করা ব্যক্তি গুরুতর আহত হয়েছে সরাসরি বজ্রপাতের আঘাতে।
স্থানীয় পুলিশ জানায়, তার ফলে তার হার্ট-অ্যাটাক হয় এবং হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে নিতে হয়েছে। প্রত্যক্ষদর্শীদের একজন জানান খেলার প্রায় শেষদিকে এই দুর্ঘটনা ঘটে এবং সেসময় আশ্চর্যজনকভাবে আকাশে কোনো ঘন কালো মেঘ ছিলনা!
পোল্যান্ডের দক্ষিণ অংশে একজন পর্বতারোহীর মৃত্যু ঘটে এই বজ্রপাতের কারণে। উত্তর-পশ্চিম ইউরোপ জুড়ে খুব গরম আর আর্দ্র বাতাসের কারণেই এই ঝড়ের সৃষ্টি। বিবিসি।
