কুমিল্লায় শিল্পী বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরের উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ওই গৃহবধূর স্বামী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, প্রায় তিন মাস আগে সুমন ও শিল্পীর বিয়ে হয়। সুমন জেলার বরুড়া উপজেলার দেওড়া গ্রামের অহিদুর রহমানের ছেলে।শিল্পী দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত রফিক মিয়ার মেয়ে। বিয়ের পর থেকে তাদের দাম্পত্যে কলহ চলে আসছিল। সোমবার গভীর রাতে উভয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শিল্পীকে শ্বাসরোধে হত্যা করে সুমন পালিয়ে যায়। সকালে নিহতের মা বাসায় গিয়ে মেয়ের নিথর দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, মঙ্গলবার ভোরে সদর উপজেলার বালুতুপা এলাকা থেকে চোর সন্দেহে সুমনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে দৌলতপুর গ্রামে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যায় এবং সেখানে সুমনের ছবি দেখে নিশ্চিত হয়।
আরো পড়ুন: সিটি ব্যাংকে নিয়ে এলো নারীদের জন্য বিশেষায়িত সেবা ‘সিটি আলো’
এ ঘটনায় নিহতের মা মিনু বেগম বাদী থানায় সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিকালে আদালতের মাধ্যমে সুমনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/অনি
