'পাঁচ মিনিটে দিল্লি আক্রমণের ক্ষমতা রাখে পাকিস্তান'

আপডেট : ২৯ মে ২০১৬, ১৮:৫৩
পাকিস্তানের পরমাণু বোমার জনক আব্দুল কাদির খান দাবি করেছেন, পাঁচ মিনিটের মধ্যে ভারতের রাজধানী দিল্লি আক্রমণ করার ক্ষমতা রয়েছে পাকিস্তানের।
 
প্রথম পারমাণবিক বোমা পরীক্ষামূলক বিস্ফোরণের ১৮তম বার্ষিকীতে ইসলামাবাদে এক সমাবেশে বক্তৃতা করার সময় এ কথা বলেন আব্দুল কাদির খান। ১৯৯৮ সালে তার তত্ত্বাবধানে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল পাকিস্তান।
 
এসময় কাদির খান আরো বলেন, ১৯৮৪ সালেই পাকিস্তান পারমাণবিক বোমা পরীক্ষা করতে পারতো। কিন্তু প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হকের বিরোধিতার কারণে তখন সেটা সম্ভব হয়নি। তার আশঙ্কা ছিল পারমাণবিক বোমা তৈরি করলে সামরিক ব্যবস্থা নিতে পারে বিশ্ব শক্তিগুলো। সেই সঙ্গে বৈদেশিক সাহাজ্য হারানোরও আশঙ্কা ছিল প্রেসিডেন্টের।
 
কাদির খান বলেন, রাওয়ালপিন্ডির পার্শবর্তী কাহুতা থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে দিল্লি আক্রমণ করার ক্ষমতা রয়েছে পাকিস্তানের। কাহুতার গবেষণাগার থেকে পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল দেশটি।
 
পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি পাচারের অভিযোগে ২০০৪ সালে কাদির খানকে গৃহবন্দি করেছিল পাকিস্তান। ২০০৯ সালে দেশটির হাইকোর্টের নির্দেশে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান তিনি। সূত্র: এনডিটিভি