ব্যাটসম্যানদের ব্যর্থতায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের নবম রাউন্ডের ম্যাচ হেরে গেলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে সহজ জয়ের সুযোগটা হাতছাড়া করলো মুশফিকুরের দল, বৃষ্টি আইনে ৩১ রানে ম্যাচ জিতলো সিসিএস।
বৃষ্টির কারণে গতকালই ম্যাচটি নির্ধারিত হয় ২৫ ওভারে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং-এ নেমে ২৪ দশমিক ৫ ওভারে ১৪৯ রানে অলআউট হয়ে যায় সিসিএস। সালমান হোসেন সর্বোচ্চ ৫৮ রান করেন। এছাড়া অমিত মজুমদার ২৪ ও উত্তম সরকার অপরাজিত ২৩ রান করেন। মোহামেডানের আরিফুল হক ৩ উইকেট নেন।
জবাবে ২ দশমিক ২ ওভারে বিনা উইকেটে ১৩ রান তুলে ফেলে মোহামেডান। এরপর বৃষ্টির নামলে দিনের খেলার বাকি অংশ রিজার্ভ-ডে’তে (আজ) সম্পন্ন করার সিদ্ধান্ত নেন ম্যাচের আম্পায়াররা। ফলে আজ নিজের ইনিংসের বাকিটা সম্পন্ন করতে ব্যাটিং-এ নেমে মহাবিপদেই পড়ে মোহামেডান। ২০ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে দলের ব্যাটসম্যানরা প্যাভিলিয়নমুখী হন। ফলে এক পর্যায়ে ১৬ দশমিক ৩ ওভারে ৭ উইকেটে ৮০ রানে পরিণত হয় মোহামেডান।
এমন স্কোর ম্যাচ হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত তাই-ই হয়েছে। ২১ ওভারে ১১৭ রানেই গুটিয়ে যায় মোহামেডান। ফলে দুর্দান্ত এক জয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠে সিসিএস। মোহামেডানের পক্ষে ওপেনার ইজাজ আহমেদ ৩৫, নাজমুল হোসেন শান্ত ৩২ ও হাবিবুর রহমান ২০ রান করেন। সিসিএসের জয়ের পিছনে মূখ্য ভূমিকা রাখেন মেহরাব হোসেন ও সালমান হোসেন। মেহরাব ৪ ও সালমান ৩ উইকেট নেন। ম্যাচের সেরা হন সালমান। ৩ উইকেট নেয়ার পাশাপাশি দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রানও করেন তিনি।
