মেক্সিকান ফুটবলার অ্যালেন পুলিদোকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। দেশটির উত্তরাঞ্চলের বর্ডারের নিকটবর্তী এলাকা থেকে কিছু মুখোশধারী তাকে অপহরণ করেছে বলে জানিয়েছে মেক্সিকোর টেমুলিপাস অঞ্চলের কর্মকর্তারা।
বিবিসি তার প্রতিবেদনে জানায়, ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার রবিবার তার বাসার নিকটবর্তী এক অনুষ্ঠান থেকে বের হয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে অপহরণ হন। তিনি গ্রিক দল অলিম্পিকোসের হয়ে খেলেন। মেক্সিকো জাতীয় দলের হয়েও মাঠে নেমেছেন বেশ কয়েকবার।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, শনিবার দিবাগত রাতে নিজের বান্ধবীকে নিয়ে পার্টি শেষে গাড়ি নিয়ে বের হয়েছিলেন মেক্সিকার এই ফুটবলার। এ সময় তাদের গাড়িটিকে ঘিরে ফেলে বেশ কিছু ট্রাক। তারপর ছয় জন মুখোশধারী জোরপূর্বক ফুটবলারকে ধরে নিয়ে যায়। এ সময় গাড়িতে থাকা তার বান্ধবীর কোন ক্ষতি করেনি তারা।
উল্লেখ্য, বিশ্বে অপহরণে শীর্ষে আছে মেক্সিকো। সরকারি হিসেব অনুসারে প্রতি বছর দেশটি থেকে এক হাজার মানুষকে অপহরণ করা হয়। অবশ্য বেসরকারি বেশ কিছু সংস্থার দাবি, সরকার ঘোষিত সংখ্যার ১০ গুণ বেশি অপহরণ হয়। এদিকে টেমুলিপাস অঞ্চলে গত এক সপ্তাহে ১০ জনের বেশি হত্যার শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্র বর্ডারের নিকটবর্তী এই অঞ্চল দিয়ে ড্রাগসহ আরো বিভিন্ন অবৈধ পন্য চালন হয়। এলাকার অপরাধ প্রবণতাকে নিয়ন্ত্রণে আনতে নতুন করে অধিক সংখ্যক পুলিশ নিয়োগ দিয়েও কোন সুবিধা করতে পারছে না মেক্সিকান সরকার।
পুলিদো গত বছর জুলাই মাসে অলিম্পিকোসের যোগ দেয়। চলতি মৌসুমে ১৫ ম্যাচ খেলে ৬ গোল করেন তিনি। বিবিসি।
