নাশকতা ও রাষ্ট্রদ্রোহের তিন মামলায় রিমান্ড শুনানির জন্য বিএনপি নেতা আসলাম চৌধুরীকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়েছে।
সোমবার আদালত পুলিশের এসআই রুহুল আমিন জানান, সকাল ১০টার দিকে আসলামকে কারাগার থেকে আদালতের হাজতে আনা হয়েছে। তিনজন মহানগর হাকিম তিনটি মামলায় রিমান্ড শুনানি নেবেন।
মতিঝিল ও লালবাগ থানার নাশকতা দুইটি মামলায় আসলামকে ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এছাড়া ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলাতে আসলাম চৌধুরীকে ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
গত ১৫ মে ঢাকা থেকে আসলাম চৌধুরীতে গ্রেফতার করা হয়। পরদিন তাকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে ২৪ মে আদালতে হাজির করার পর নতুন করে নাশকতার দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করে পুলিশ। এরপর ২৬ মে গোয়েন্দা পুলিশের পরিদর্শক গোলাম রব্বানি গুলশান থানায় আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন।
