অপহরণের বেশ কয়েক ঘণ্টা পর অবশেষে মুক্তি পেয়েছেন মেক্সিকোর ফুটবলার অ্যালেন পুলিদো। দেশটির উত্তরাঞ্চলের বর্ডারের নিকটবর্তী এলাকা থেকে কিছু মুখোশধারী তাকে শনিবার দিবাগত রাতে অপহরণ করে। অপহরণের বেশ কয়েক ঘণ্টা পর তাকে উদ্ধারের কথা নিশ্চিত করে মেক্সিকোর টেমুলিপাস অঞ্চলের কর্মকর্তারা।
পুলিশ কর্মকর্তারা জানায়, রবিবার রাতে বিশেষ এক অভিযান চালিয়ে ২৫ বছর বয়সী এই মেক্সিকান স্ট্রাইকারকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি ভাল আছেন বলে জানিয়েছে তারা। কিন্তু উদ্ধার অভিযান সম্পর্কে আর কোন মন্তব্য করেনি তারা।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, শনিবার দিবাগত রাতে নিজের বান্ধবীকে নিয়ে পার্টি শেষে গাড়ি নিয়ে বের হয়েছিলেন গ্রিস ক্লাব অলিম্পিকোসের হয়ে খেলা এই মেক্সিকান ফুটবলার। এ সময় তাদের গাড়িটিকে ঘিরে ফেলে বেশ কিছু ট্রাক। তারপর ছয় জন মুখোশধারী জোরপূর্বক ফুটবলারকে ধরে নিয়ে যায়। এ সময় গাড়িতে থাকা তার বান্ধবীর কোন ক্ষতি করেনি তারা।
উল্লেখ্য, পুলিদো গত বছর জুলাই মাসে অলিম্পিকোসের যোগ দেয়। চলতি মৌসুমে ১৫ ম্যাচ খেলে ৬ গোল করেন তিনি। বিবিসি।
