বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ করলে থাইল্যান্ডের বিনিয়োগকারীরাই লাভবান হবেন। বিনিয়োগ করলে সরকার চাহিদা মোতাবেক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।
সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট এক্সপো-২০১৬’ শিরোনামে তিন দিনব্যাপী সিঙ্গেল কান্ট্রি ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
থাইল্যান্ডের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে ডিউটি ও কোটা-ফ্রি বাণিজ্য সুবিধার প্রয়োজনীয়তা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, থাইল্যান্ড এ মুহূর্তে বাংলাদেশের ছয় হাজার ৯৯৮টি পণ্যের ওপর এই সুবিধা প্রদান করছে।
থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী মিজ এপিরাদি টানট্রাপন বলেন, থাইল্যান্ড বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। বাংলাদেশ যাতে থাইল্যান্ডের বাজারে রপ্তানি বৃদ্ধি করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি বলেন, থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের তৈরী জুট ব্যাগের প্রচুর চাহিদা রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ রফতানি বৃদ্ধি করতে পারে বলে উল্লেখ করেন তিনি।-বাসস।
