এবার কলকাতায় আয়োজিত হতে যাচ্ছে বিপিএল। তবে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশ প্রিমিয়ার লিগ নয়, এটি বেঙ্গল প্রিমিয়ার লিগ (বিপিএল)।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির উদ্যোগেই বিপিএলের প্রথম আসর বসতে যাচ্ছে। গাঙ্গুলি বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি।
নতুন এই ঘরোয়া ক্রিকেটের আসরটিতে থাকবে মোট আটটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল। দলগুলোতে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্রিকেটাররাই অংশ নেবেন।
এরই মধ্যে পাঁচটি দল নিশ্চিত হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আরও তিনটি দল নিয়ে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হবে আসরটি।
