নৌবাহিনীর সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে : নৌবাহিনী প্রধান

আপডেট : ৩০ মে ২০১৬, ১৭:২৬
নৌ বাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য নেতৃত্বে দেশের ক্রমাগত অর্থনৈতিক উন্নয়নসহ সামরিক বাহিনী ও সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা পূর্বের তুলনায় বহুগুণে বৃদ্ধি পেয়েছে। একটি আধুনিক ও যুগোপযোগী নৌবাহিনী গঠনের কার্যক্রম চলমান রয়েছে, যা অর্জিত বিশাল সমুদ্রীমার নিরাপত্তা এবং সম্পদ রক্ষার ক্ষেত্রে সহায়ক হবে।
 
সোমবার সকালে খুলনাস্থ নৌবাহিনী ঘাঁটি তিতুমীরে ২০১৬-এ (আলফা) ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও মার্চপাস্টের সালাম গ্রহণ শেষে কৃতি নবীন নাবিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
নৌবাহিনী প্রধান বলেন, এ বাহিনীর দক্ষ পরিচালনায় খুলনা শিপইয়ার্ড এবং নারায়ণগঞ্জ ডকইয়ার্ড ইতিমধ্যে পাঁচটি পেট্রোল ক্রাফট, ২টি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি এবং দুইটি ল্যান্ডিং ক্রাফট ট্যাংক নির্মাণ করেছে। যা যুদ্ধ জাহাজ নির্মাণের ক্ষেত্রে এক নতুন মাইলফলক।
 
তিনি নবীন নাবিকদের উদ্দেশে বলেন, তোমরা ধাপে ধাপে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন আধুনিক প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান লাভ করবে এবং কর্মক্ষেত্রে তার যথার্থ প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। পেশা হিসাবে দেশসেবা ও দেশ গড়ার পবিত্র দায়িত্ব বেছে নেয়ার জন্য তিনি নবীন নাবিকদের আন্তরিক অভিন্দন জানান এবং এ লক্ষ্যে দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে যাবার নির্দেশ দেন।
 
কুজকাওয়াজে  বাংলাদেশ নৌবাহিনীতে প্রথমবারের মতো যোগ দেয়া ৪৪ জন মহিলা নাবিকসহ মোট ৭৭১ জন নবীন নাবিক অংশগ্রহণ করেন।
 
অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, খুলনা ও যশোর এলাকার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, নবীন নাবিকদের পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।