মঙ্গলবার চলে যাচ্ছেন নারী ক্রিকেট দলের কোচ

আপডেট : ৩০ মে ২০১৬, ১৮:২৮
এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দলের রৌপ্য পদক জয়ে বড় অবদান ছিল লঙ্কান কোচ চাম্পিকা গামাগের। তার অধীনে ওয়ানডে ম্যাচে পাকিস্তান নারী দলকে হারানোর অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের মেয়েদের।
 
২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পর তার হাত ধরে বেশ কিছু সাফল্য এসেছে বাংলাদেশের নারী ক্রিকেটে।
 
তবে পাকিস্তান এবং থাইল্যান্ড সফরে তার কোচিং দর্শন নিয়ে নারী দলের ম্যানেজার শফিকুল হক হীরা প্রশ্ন তুলে রিপোর্ট দিয়েছেন বিসিবিতে। সঙ্গে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে জাহানারা আলমের দলের বাজে ব্যাটিং পারফরম্যান্সের কোপটা এসে পড়ছে এ লঙ্কানের উপর।
 
আয়েশা রহমান, সালমাদের ব্যাটিং উন্নতিতে ভূমিকা রাখতে পারছেন না গামাগে- রিপোর্টে এমনটাই বলেছিলেন শফিকুল হক হীরা। যা আমলে নিয়েছে বিসিবি। এই কারণে গামাগের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়নি তারা। এক মাস আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন গামাগে। আগামীকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ত্যাগ করবেন তিনি। তিনি আগামী মাসের তিন তারিখ থেকে থাইল্যান্ড মহিলা দল নিয়ে কাজ করবেন।
 
যাওয়ার আগে গামাগে বলেন, ‘এই দলটায় অনেক ট্যালেন্ট রয়েছে। তবে কিছু কিছু জায়গায় ত্রুটিও আছে। এগুলো সমাধান করলে বাংলাদেশের মহিলা ক্রিকেট আরও এগিয়ে যেতে পারবে। কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। সেই সঙ্গে আরও বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হবে মহিলা দলকে। তবেই সাফল্য পাওয়া সম্ভব হওয়া।’