আমাদের দেশে এখনো নির্মাণ কাজে পুরোপুরি পেশাদারিত্ব তৈরী হয়নি : মাহফুজ আহমেদ

আপডেট : ৩০ মে ২০১৬, ১৯:০৩
 
অভিনয়ে আগের মতো নিজেকে খুব বেশি ব্যস্ত রাখার চেয়ে প্রযোজনাতেই নিজেকে বেশি ব্যস্ত রেখেছেন মাহফুজ আহমেদ। ‘অলৌকিক প্রেমের ঘ্রাণ’ টেলিফিল্মে কাজের জন্য গত শুক্রবার প্রায় গোটা দিন কমলাপুর রেল স্টেশনে কাটালেন তিনি।
 
 গত শুক্রবার সকালে কমলাপুর রেলস্টেশনে টেলিফিল্মটির শুটিং শুরু হয়। এতে একেবারেই ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করছেন মাহফুজ আহমেদ। এতে তার বিপরীতে অভিনয় করছেন অপর্ণা ও অর্ষা। মাহফুজ আহমেদ বলেন, ‘গল্প ভালো বলেই কাজটি করতে সম্মত জানাই এবং করছি। এক কথায় অসাধারণ একটি গল্প। মাহমুদ দিদার খুব আন্তরিকভাবেই চেষ্টা করছেন ভালোভাবে কাজটি শেষ করতে। আমিও যথেষ্ট শ্রম দিচ্ছি যেন ভালো একটি কাজ দাঁড়ায়।
এখানে বিশেষত একটি কথা না বললেই নয়, তা হচ্ছে আমাদের দেশে এখনো নির্মাণ কাজে পুরোপুরি পেশাদারিত্ব তৈরী হয়নি। কাজের পরিবেশটা একজন শিল্পীর জন্য খুব গুরুত্বপূর্ণ। একজন শিল্পী যখন কাজ করবে তখন তার পরিবেশটা যেমন আরামদায়ক হওয়া জরুরী ঠিক তেমনি নিরাপত্তা’র ব্যবস্থা থাকটাও বেশ জরুরী। এটা না হলে শিল্পীর জন্য কাজ করা মানসিকভাবে অনেক চাপের হয়ে দাঁড়ায়।’
 
 
অপর্ণা বলেন,‘ টেলিফিল্মের গল্পটা অসাধারণ। বেশ আগ্রহ নিয়ে কাজ করছি।’ ‘রোদ্দুর’র কর্ণধার রেজাউল হক রেজা প্রযোজিত এই টেলিফিল্মটি আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে। এদিকে মাহফুজ আহমেদ পূর্ণিমার বিপরীতে মাসুদ সেজানের নির্দেশনায় শেষ করেছেন ‘লাভ অ্যান্ড কোং’ নাটকের কাজ। ঈদে প্রচারের লক্ষ্যে মাহফুজ আহমেদ নির্মাণ করেছেন ‘কখনো এসোনা ফিরে’ টেলিফিল্ম। এতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির প্রমুখ।