গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি কারাগারে

আপডেট : ৩০ মে ২০১৬, ২১:৫২
যাত্রীবাহী বাসে পেট্রোলবোমায় শিশু ও নারীসহ আটজনকে পুড়িয়ে মারার মামলায় জেলা বিএনপির সভাপতি আনিছুজ্জামান খান বাবুকে (৬৮) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
 
সোমবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা তার জামিন আবেদন  নামঞ্জুর করে ওই আদেশ দেন। এর আগে বেলা ১২টার দিকে আনিছুজ্জামান খান বাবু তার আইনজীবীর মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
 
তার আইনজীবী জানান, ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নাপু এন্টারপ্রাইজের’ বাসে পেট্রোলবোমা ছুঁড়ে দুর্বৃত্তরা। এতে বাসে থাকা দুই শিশু ও নারীসহ আটজন মারা যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি আনিছুজ্জামান খান বাবু। তিনি আদালতে হাজির হয়ে ওই মামলায় জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন।
 
জেলা জজ আদালতের দায়িত্বে থাকা কোর্ট ইন্সপেক্টর (জিআরও) এনামুল হক জানান, বিচারকের নির্দেশে আনিছুজ্জামান খান বাবুকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।