রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। সোমবার এই চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন তিনি।
অ্যাটর্নি জেনারেল জানান, ডাকযোগে পাওয়া ওই চিঠির প্রেক্ষিতে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। চিঠিতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াত নেতা কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মতিউর রহমান নিজামীকে তারা ‘তাদের প্রিয় নেতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, বাজিতপুর থেকে লিখছে। এটি সঠিক মনে হয় না। চিঠিতে লিখেছে, আমরা জামায়াতে ইসলামীর নেতা।
ওই চিঠি উদ্ধৃত করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মাহবুবে আলম সাব আপনি শয়তানের বাদশা। আপনার জীবনের নিরাপত্তা নেই। আপনার, তথা তোমার জন্য অনেক লোকের প্রাণ চলে গেছে। তোমাকে আমি মজনু ও আমার বন্ধু নুরুল ইসলাম আমরা দুজনে মিলে যেকোনো সময় প্রাণে শেষ করে ফেলব। তোমার জন্য আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মতিউর রহমান নিজামীসহ আরও অনেক নেতার মৃত্যু ঘটেছে। তোমাকে আমরা ছাড়ব না। ইদানিং লক্ষ্য করছি, মীর কাসেম আলীর মামলা নিয়ে তুমি বাড়াবাড়ি করছ। এবং আমাদের কিশোরগঞ্জ জেলার নিবাসী হাসান আলীর মামলা নিয়ে বাড়াবাড়ি করছ ‘
‘… এসব সহ্য হচ্ছে না। তোমাকে খুন করে ফেলব। আর দেলওয়ার হোসেন সাঈদীকে যদি ফাঁসি দেয়া হয়, তাহলে তোমার বংশের সবাইকে খুন করে ফেলব। তুমি অনেক বাড়াবাড়ি করতেছ। আমি এবং আমার বন্ধু নুরুল ইসলাম মিলে আগামী এক মাসের মধ্যে তোমাকে খুন করে ফেলব- এটি আমাদের প্রতিজ্ঞা।’
এ প্রসঙ্গে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আলী বিশ্বাস বলেন, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বাদী হয়ে একটি জিডি করেছেন।
জিডিতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়। জামায়াত নেতাদের বিচার ও ফাঁসি কার্যকর করায় তারা ক্ষুব্ধ। তাই তাকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে।
