সিভিল কোর্টস অ্যাক্ট সংশোধনের ফলে উচ্চ আদালতে বিচারাধীন দেওয়ানি মামলা জেলা জজ আদালতে স্থানান্তরের সিদ্ধান্তের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্টের রেজিস্ট্রারের প্রতি এই নির্দেশনা দেওয়া হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। এ ছাড়া সংশোধিত আইনের ৪(৩) ধারা কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিবসহ তিন বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত সিভিল কোর্টস অ্যাক্ট সংশোধন করে গত ১২ মে গেজেট জারি করে সরকার। সংশোধিত আইন অনুযায়ী এখন একজন সহকারী জজ ২ লাখের পরিবর্তে ১৫ লাখ, সিনিয়র সহকারী জজ ৪ লাখের পরিবর্তে ২৫ লাখ এবং জেলা জজ ৫ লাখের পরিবর্তে ৫ কোটি টাকা মূল্যমানের মামলা নিষ্পত্তি করতে পারবেন। একইসঙ্গে আইনের ৪(৩) ধারায় বলা হয়েছে, ৫ লাখের ওপর থেকে ৫ কোটি টাকা মূল্যমানের যেসব দেওয়ানি মামলায় আপিল হাইকোর্টে বিচারাধীন রয়েছে গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সেসব মামলা জেলা জজ আদালতে ফেরত পাঠাতে হবে।
আইনের এই ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী সাইদুল আলম খান, আব্দুল্লাহ আল সায়ীদ ও শুভ্র দেব রাতুল। সংশোধিত আইনের ৪(৩) ধারা সংবিধানের ৩১, ১০৯, ১০১, ১৪৯ ধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনের পক্ষে ব্যারিস্টার সাইদুল আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু শুনানি করেন।
