১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কুক

আপডেট : ৩১ মে ২০১৬, ০৯:৫২
 
শ্রীলঙ্কার বিপক্ষে দলের জয়ের দিন ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক।
 
সিরিজ শুরুর আগে ১০ হাজার থেকে ৩৬ রানে দূরে ছিলেন কুক। প্রথম টেস্টে ১৬ ও এই টেস্টের প্রথম ইনিংসে ১৫ রানে আউট হয়ে নিজের রান পাঁচ অঙ্কে নিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেন তিনি।
 
শ্রীলঙ্কা দ্বিতীয়বার ইংল্যান্ডকে ব্যাট করাতে পারায় সুযোগটা পান কুক। দ্বিতীয় ওভারেই চার হাঁকিয়ে ১০ হাজার রানে পৌঁছে যান। ইংল্যান্ডের প্রথম ও সব মিলিয়ে দ্বাদশ ব্যাটসম্যান হিসেবে অভিজাত ক্লাবে ঢুকলেন তিনি।
 
একই সঙ্গে ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে (৩১ বছর ৩২৬ দিন) পেছনে ফেলে সবচেয়ে কম বয়সে টেস্টে ১০ হাজার করার রেকর্ডও গড়েন কুক (৩১ বছর ১৫৭ দিন)।
 
এদিকে ম্যাচে দিনেশ চান্দিমালের দারুণ ব্যাটিংয়ে ইনিংস পরাজয় এড়িয়েছিল লঙ্কানরা। কিন্তু জেমস অ্যান্ডারসনের চমৎকার বোলিংয়ের পর ইংল্যান্ড অধিনায়কের ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার ম্যাচটি ৯ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। ক্রিকইনফো।