ফুকুওকা পুরস্কার পেলেন এ আর রহমান

আপডেট : ৩১ মে ২০১৬, ১০:৫০
 
সংগীত পরিচালক এ আর রহমান এরই মধ্যে অনেক পুরস্কার ও সম্মাননা নিজের ঝুলিতে ভরেছেন। এবার জাপানের ফুকুওকা পুরস্কার ২০১৬ পেয়েছেন তিনি। এএনআইয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, গানের মাধ্যমে এশিয়ার সংস্কৃতিতে অবদান রাখার জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
 
দ্য ফুকুওকা প্রাইজটি ইওকাটোপিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। এশিয়ায় সংস্কৃতিতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করে সংস্থাটি। তিনটি বিভাগে এই পুরস্কার দেয়া হয় গ্রান্ড প্রাইজ, অ্যাকডেমিক প্রাইজ এবং আর্টস অ্যান্ড কালচার প্রাইজ।
 
‘রোজা’, ‘বোম্বে’, ‘দিল সে’, ‘তাল’, ‘রঙ দে বাসন্তি’ ও ‘স্বদেশ’ ছবির গান নিয়ে কাজ করার জন্য এ আর রহমান বেশ পরিচিত। ড্যানি বোয়েলের ‘স্লামডগ মিলেনিয়ার’ ছবির গানে কাজ করার জন্য ২০০৯ সালে এ আর রহমান দুইটি অস্কার ও একটি গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছেন। এছাড়াও জাতীয় পুরস্কার ও বিভিন্ন সময় ফিল্মফেয়ার পুরস্কারও রয়েছে তার সংগ্রহে। খবর: এনডিটিভি।