সাভারের আশুলিয়ায় কাঠগড়া বাজারে ব্যাংক ডাকাতি ও আটজনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ছয়জনের ফাঁসির আদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। ১১ আসামির মধ্যে দুইজনের তিনবছর কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এছাড়া দুইজনকে খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামানের আদালত এই আদেশ দেয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বোরহান উদ্দিন, সাইফুল ওরফে আল আমিন, মাহফুজুল ইসলাম ওরফে সুমন ওরফে জামিল, জসিমউদ্দিন, মিন্টু প্রধান ও পলাশ ওরফে সোহেল রানা। এর মধ্যে মাহফুজুল আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ পর্যায়ের নেতা। এছাড়া মিন্টু প্রধান বাদে বাকিরা জেএমবির সদস্য।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত উকিল হাসানকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ হয়েছে।
এছাড়া আব্দুল বাতেন ও শাহজাহান জমাদারের তিন বছর কারাদণ্ড এবং তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে আরও এক মাস কারাভোগ করতে হবে তাদের। মামলায় খালাস পেয়েছেন বাবুল সরদার ও মোজাম্মেল হক।
এর আগে গত ২৫ মে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করে দেন।
গত বছর ২১ এপ্রিল সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকের শাখা কার্যালয়ে হানা দেয় ডাকাত দল। এ সময় তাদের ছোড়া গুলিতে ব্যাংকের ঐ শাখার ব্যবস্থাপকসহ আটজন নিহত হন।
