রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২লাখ টাকা মূল্যের বিভিন্ন দেশের মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। তার নাম ফারাজী নিজামুল হক (৩২), বাড়ি ফেনীর ছাগলনাইয়া।
সোমবার দিবাগত রাত ২টার দিকে বিমান বন্দরের বর্হিগমন লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার তারেক মাহমুদ জানান, কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই যাত্রীর দুবাই যাওয়ার কথা ছিল। বর্হিগমন লাউঞ্জে আটকের পর তার শরীর তল্লাশি করা হলে দুই পায়ের মোজার ভেতর থেকে ও একটি কার্টনে তৈরি পোষাকের ভেতর থেকে উল্লেখিত মুদ্রাগুলি উদ্ধার করা হয়।
মুদ্রাগুলি হলো- ৫৯ হাজার ৭০০ ইউএই দিরহাম, ২৪০০ জর্ডান দিনার, ১২৫০ বাহরাইন দিনার, ৭৯৫০ ওমান রিয়াল ও ৩৮৫০ কুয়েতি দিনার। এসব মুদ্রার বাজার মূল্য ৪২ লাখ টাকা বলে জানা গেছে।
