২০১৮ সালের সম্ভাব্য ওয়ার্ল্ড টি২০-র পক্ষে নিজের মত দেননি পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান। তার মতে ক্রিকেটের সার্বিক উন্নয়নে পিসিবির ঐতিহ্যবাহী টেস্ট ফর্মেটের ওপরই বেশি গুরুত্ব দেয়া উচিত।
এক সাক্ষাৎকারে শাহরিয়ার খান বলেছেন, অবশ্যই বর্তমানে বিশ্বজুড়ে টি২০ ক্রিকেটের বেশ জনপ্রিয়তা আছে এবং ক্রিকেটের বিশ্বায়নে এর প্রয়োজনও রয়েছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ধরনের ক্রিকেটের স্থায়ীত্ব খুবই কম। টেস্ট ফর্মেটই ক্রিকেটের প্রাণ এবং এই ধরনের ফর্মেটকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই একে নিয়ে আরো চিন্তা করা উচিত। পুনরায় এর জনপ্রিয়তা ফিরিয়ে আনার জন্য এর আধুনিকায়নের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, ২০১৮ সালে আদৌ পুনরায় ওয়ার্ল্ড টি২০ অনুষ্ঠিত হবে কিনা এ সম্পর্কে আইসিসির কোন মতামত এখন পর্যন্ত আমরা জানি না। কিন্তু যদি আমাদের কাছে জানতে চাওয়া হয় তবে এর প্রতি আমাদের সমর্থন থাকবে না।
প্রাথমিকভাবে আইসিসি ও এর সদস্য দেশগুলো মিলে সিদ্ধান্ত নিয়েছিল পরবর্তী ওয়ার্ল্ড টি২০ অনুষ্ঠিত হবে ২০২০ সালে। কিন্তু ২০১৯ সাল বিশ্বকাপ ও ২০১৭ সালে রয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। এই দুই আসরের মাঝখানে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের আলোচনাও হয়েছিল। কিন্তু হঠাৎ করেই কিছু গণমাধ্যমে রিপোর্টের সূত্রমতে জানা যায় আইসিসি ২০১৮ ও ২০২০ সালের ওয়ার্ল্ড টি২০-র স্বত্ব বিক্রির জন্য স্টার স্পোর্টসের সাথে চুক্তি করতে যাচ্ছে। স্বত্ব বিক্রয়ের বিষয়টি সমঝোতা হলে তা জুনে আইসিসির পরবর্তী বার্ষিক কনফারেন্সে ভোটের মাধ্যমে নির্ধারিত হবে।
তবে শাহরিয়ার খান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দুই বছর অন্তর ওয়ার্ল্ড টি২০-র আয়োজনের বিষয়টিতে পাকিস্তান হয়ত ভোট নাও দিতে পারে।-বাসস।
