দশ বছর সময় বেঁধে দিয়ে মেয়াদোত্তীর্ণ ক্লোজড অ্যান্ড মিউচুয়াল ফান্ড বন্ধ করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যে সিদ্ধান্ত দিয়েছিল, আপিল বিভাগের চূড়ান্ত রায়ে তা বহাল রয়েছে।
এই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বিএসইসির করা আপিল মঞ্জুর করে মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করে।
এর ফলে অবসায়নের প্রক্রিয়ায় থাকা এইমস ওয়ান মিউচুয়াল ফান্ড ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদের টাকা ফেরত পেতে আর কোনো বাধা নেই বলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন।
রায়ের পর গণমাধ্যমকে তিনি বলেন, 'বিএসইসির আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে এখন ইউনিট হোল্ডাদের টাকা ফেরত পেতে কোনো অসুবিধা নেই।
