চ্যারিটেবল ট্রাস্ট: আবেদন খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল

আপডেট : ৩১ মে ২০১৬, ১৪:১০
 
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তার পুনরায় সাক্ষ্যগ্রহণ ও জেরা এবং কেস ডকেট দেখার আবেদন খারিজের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পৃথক দুইটি লিভ টু আপিল দায়ের করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সুপ্রিম কোর্টের সংশিষ্ট শাখায় এই আপিল দায়ের করা হয়।
 
আপিলে হাইকোর্টের আদেশ বাতিলের আবেদন জানানো হয়েছে। খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এই আপিল দায়ের করেন।
 
গত ২৭ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার খালেদা জিয়ার এই সংক্রান্ত দুইটি আবেদন খারিজ করে দেন। ঐ খারিজ আদেশের বিরুদ্ধে তিনি রিভিশন মামলা দায়ের করেন। গত ১৮ মে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বিশেষ জজ আদালতের আদেশ বহাল রেখে রিভিশন মামলা খারিজ করে দেয়। এই খারিজ আদেশের সত্যায়িত অনুলিপি পাওয়ার পর আজ ফৌজদারি কার্যবিধির ৫৪০ ও ১৭২ (২) ধারা মোতাবেক এই আপিল আবেদন দাখিল করা হয়।