সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে বিমানে চড়বেন মুস্তাফিজ

আপডেট : ৩১ মে ২০১৬, ১৫:০১
 
সন্ধ্যায় নিজ বাড়ি যাওয়ার জন্য বিমানে চড়বেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নভোএয়ারের বিমানে চেপে ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে যশোরে পৌছবেন তিনি। যশোর থেকে নিজস্ব গাড়িতে করে বাসায় ফিরবেন এই স্ট্রাইকার। মঙ্গলবার ১১ টা ৪০ মিনিটে বিসিবিতে আসেন মুস্তাফিজ। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফিজিও বায়জেদুল ইসলাম ও চিকিৎসক দেবাশীষ চৌধুরী তাকে পরীক্ষা করেন।
 
পরবর্তীতে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরি সুজন জানান, দীর্ঘ দুইমাস খেলা চালিয়ে যাওয়ায় মুস্তাফিজের ডান পায়ের হ্যাম স্ট্রিংয়ে ইনজুরি আছে। বাড়ি থেকে ফিরে আসলে তার চিকিৎসা শুরে হবে বলেও জানান।
 
এদিকে বিসিবি সূত্র জানায়, মুস্তাফিজকে এখন চিকিৎসা নিতে বলা হলেও তিনি অনুরোধ করেন বাড়ি যাওয়ার জন্য। তাই আপাতত তাকে বাড়িতে যেতে দিছে বিসিবি। কিন্তু শিগগিরই তার চিকিৎসা শুরু হবে।
 
মুস্তাফিজ ঢাকায় ফিরে আসায় বেশ আশা নিয়েই বিসিবিতে গিয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট টিম ম্যানেজার ওয়াসিম খান। তিনি আশা প্রকাশ করেছিলেন, সাকিবের মত মুস্তাফিজও ফিরে এসে দলের খেলায় যোগ দেবে। এ ব্যাপারে মুস্তাফিজের সঙ্গে কথা বলে অবশ্য হতাশ হতে হয় তাকে।
 
তিনি জানান, মুস্তাফিজকে খেলার কথা বলার পর সে এখন খেলতে রাজি হয়নি। সে জানায় টানা খেলা চালিয়ে যাওয়ায় তার সারা শরীরে ব্যথা রয়েছে। এ অবস্থায় কিছুদিন বিশ্রাম নিতে চান তিনি।