বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। সর্বত্রই গুম-খুন হচ্ছে। কারো জীবনের নিরাপত্তা নেই। কোনোটারই বিচার হচ্ছে না। বিচার একদিন হবেই । সেদিন বেশি দূরে নয়।'
মঙ্গলবার দুপুরে খিলগাঁও জোড়পুকুর মাঠে বিএনপি চেযারপারসন বেগম খালেদা জিয়া দুস্থদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করার আগে এসব কথা বলেন তিনি।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থানে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করছেন খালেদা জিয়া।
বেলা ১২টা ৫০ মিনিটে খিলগাঁও জোড়াপুকুর মাঠের সামনে স্থানীয় বিএনপি আয়োজিত অনুষ্ঠানে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন। এরপর তিনি মাদারটেকের আবদুল আজিজ উচ্চ বিদ্যালয়, হাটখোলার অভিসার সিনেমা হলেও দুঃস্থদের মধ্যে খাবার দেন।
এ সময়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, খিলগাঁও সভাপতি ইউনুস মৃধা, স্থানীয় নেতা মামুনুর রশিদ আখন্দ, হাবিবুর রশীদ হাবিব প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।
