ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয় করে দেশে ফিরেছেন কাটার বয় মুস্তাফিজুর রহমান। কিছুদিন পরই ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে যাওয়ার কথা তার। কিন্তু বিষয়টি এখনও নিশ্চিত নয়।
তবে ফিট থাকলে মুস্তাফিজকে কাউন্টিতে খেলার অনুমতি দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাসেক্সের হয়ে খেলতে যাওয়ার জন্য কতটা ফিট এমন প্রশ্নে মুস্তাফিজ বিসিবির চিকিৎসকের কোর্টে সোমবার রাতেই বল ঠেলে দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে প্রায় দুই মাস পর মিরপুরে পা রাখলেন তরুণ এই পেসার। গত মাসের ৫ তারিখে আইপিএল-এ অংশ নিতে দেশ ছেড়েছিলেন সাতক্ষীরা থেকে উঠে আসা এই বিস্ময় বালক।
মিরপুরে এসেই প্রথমে দেখা করেছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর সঙ্গে। বিসিবির চিকিৎসক এবং ট্রেনার তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন।
পরীক্ষা-নিরীক্ষাগুলোর রিপোর্ট পেতে দু’দিন অপেক্ষা করতে হবে। মুস্তাফিজের পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
কাউন্টিতে খেলতে যাওয়ার ব্যাপারে সুজন বলেন, ‘একটানা বেশ কয়েকটা টুর্নামেন্ট খেলার ফলে ফিজিক্যাল কিছু সমস্যা হয়েছে। মুস্তাফিজ আইপিএল থেকে ফিরেছে গত রাতে। আমরা তাকে একটি অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে নিচ্ছি। আমাদের ফিজিও এবং ডাক্তার যারা রয়েছেন তারা দেখছেন। মূলত এইসবের রিপোর্ট পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো।’
প্রসঙ্গত, মুস্তাফিজের পুরোপুরি অবস্থা জানতে অপেক্ষা করতে হবে ২-৩ দিন। এরপরই মূলত মুস্তাফিজের কাউন্টি ভাগ্য নির্ধারণ হবে।
