'রবার্ট ভদ্রের বিরুদ্ধে অভিযোগ বিজেপি সরকারের নতুন ষড়যন্ত্র'

আপডেট : ৩১ মে ২০১৬, ১৯:৪৩
জামাই রবার্ট ভদ্রের বিরুদ্ধে লন্ডনে বেনামে বাড়ি কেনার যে অভিযোগ উঠেছে তাকে সরকারের নতুন ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এর পাশাপাশি তিনি বিষয়টি তদন্ত করে দেখারও দাবি জানিয়েছেন। গত মাসে গ্রেফতারকৃত এক অস্ত্র ব্যবসায়ীর মাধ্যমে রবার্ট ভদ্র এই বাড়ি ক্রয় করেন বলে অভিযোগ উঠেছে।
 
এনডিটিভির খবরে বলা হয়, দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে গ্রেফতারকৃত সঞ্জয় ভান্ডারি ২০০৯ সালে এটি ক্রয় করেন যার প্রকৃত মালিক রবার্ট ভদ্র। কিন্তু ভদ্রের আইনজীবী এই ধরনের সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান।
 
এর প্রতিক্রিয়ায় সোনিয়া গান্ধী বলেন, প্রতিদিন তারা এই ধরনের মিথ্যা অভিযোগ আনছে। আমি বিষয়টি তদন্তের অনুরোধ জানাচ্ছি, তাহলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন বিরোধী দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত, এটিও তেমনি কংগ্রেসমুক্ত ভারত বানানোর সরকারি এজেন্ডার অংশবিশেষ। সূত্র: এনডিটিভি