নির্মাণে অনিয়ম হওয়ায় ভেঙে ফেলা হচ্ছে বক্স কালভার্ট

আপডেট : ০১ জুন ২০১৬, ০০:৪৫
অবশেষে ভেঙে ফেলা হচ্ছে নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কের বাল্লাকান্দা বাজারের কাছে সদ্যনির্মিত ৪০ ফুট দৈর্ঘ্যের বক্স কালভার্টটি। চরম অনিয়ম ও নিম্নমানের কাজ করায় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে কর্তৃপক্ষ এ নির্দেশ দেন ঠিকাদারী প্রতিষ্ঠানকে।
 
এলাকাবাসী জানায়, অনিয়মের আশ্রয় নিয়ে ঠিকাদার পুরনো বক্স কালভার্টের বেস (ভিত্তি) না ভেঙে তার উপর নতুন সংযোজন করে বেস তৈরি করে এবং খুবই নিম্নমানের কাজ করে। কাজের অনিয়ম দেখে ওই সময় এলাকাবাসি বাধা দিলেও মানা হয়নি। ফলে নির্মাণ কাজ শেষ হওয়ার পরই দুইপাশে মাটি ভরাটের সময় কালভার্টটির দুইপাশেই নির্মিত ওয়ালে অসংখ্য ফাটল দেখা দেয়। এসময় এলাকাবাসী প্রতিবাদ জানালে সিমেন্টের লেপ দিয়ে কালভার্টটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এমতাবস্থায় এলাকাবাসী একটি লিখিত অভিযোগ সড়ক ও সেতুমন্ত্রী বরাবর প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে বক্স কালভার্টটি কর্তৃপক্ষ ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ প্রদান করেন। ফলে সোমবার ভোর থেকে একটি ৫ টন ওজনের হেমার মেশিন ও একটি স্কেভেটর দিয়ে বক্স কালভার্টটি ভেঙে ফেলতে শুরু করেছে।
 
এ ব্যাপারে আক্রাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আক্রাম হোসেন জানান, মোট ১০টি বক্স কালভার্ট নিয়ে প্যাকেজের মধ্যে একটিতে ফাটল দেখা দেওয়ায় নতুন করে নির্মাণ করা হচ্ছে। বাকি ৯টি ঠিক আছে। এতে আমার লোকসান গুনতে হবে।
 

শেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, নির্মাণের পরপরই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে বেশকিছু ত্রুটি পাওয়া গেছে। ফলে এটি ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।