রাজধানীর তেজগাঁও ও যাত্রাবাড়ী থানা এলাকায় পৃথক ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হল- ফয়সাল (৭) ও মাহিম (৮)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শিশু মাহিমের পরিবার জানায়, স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র মাহিম তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তার বাবার নাম গোলাম মোস্তফা। দুই ভাই, এক বোনের মধ্যে মাহিম বড়। গতকাল দুপুর দেড়টার দিকে চাচা হৃদয়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে চানাচুর খেতে বাসার বাইরে বের হয় সে। কুনিপাড়া সংলগ্ন হাতিরঝিলে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের নিচে পড়ে আহত হয় মাহিম। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসায় কিছুটা ভালো বোধ করলে বাসায় নিয়ে যান স্বজনরা। ফের অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপালে নিয়ে যায় স্বজনরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে শিশু ফয়সালের পরিবার জানায়, পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা উত্তরপাড়ার ৩৬/৭৫/বি নম্বর বাসায় থাকত ফয়সাল। তার বাবার নাম মো. সিরাজ। বাসার পাশে একটি পানিভর্তি বড় গর্ত বালু দিয়ে ভরাট করার কাজ চলছে। গতকাল বিকালে ওই গর্তে ডুবে যায় ফয়সাল। উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
